প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
নবীন শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদের একাডেমিক যাত্রা।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, উপহার ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচ। নতুনদের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ ও নতুন শিক্ষাজীবনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের প্রতিফলন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন এ ব্যাচ শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে।
মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ জিম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। প্রথম ক্লাসে অংশ নিয়ে শিক্ষক ও বড় ভাই-বোনদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারব।”
বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী আল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছায়াঘেরা সবুজ পরিবেশ আমার খুব ভালো লেগেছে। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু এবং বিভাগীয় আয়োজন ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। পড়াশোনার মাধ্যমে একজন দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।”
