প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত কার্যকর করেছে। বর্তমান প্রশাসনের এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের জন্য কোনো ভাড়া দিতে হবে না।
এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দেন। ঘোষণার এক মাসের মাথায় ১৪ জুলাই অফিস আদেশ জারির মাধ্যমে তা কার্যকর করা হয়।
সিদ্ধান্তটি কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। তারা জানান, উপাচার্যের ঘোষণা এত দ্রুত বাস্তবায়িত হবে, তা তারা কল্পনাও করেননি। এ জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। উপাচার্য যোগদানের পর থেকেই একের পর এক শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।”
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক সময় তাদের যাতায়াতের ভাড়া জোগাড় করতেও কষ্ট হয়। তাই তাদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে বাসভাড়া মওকুফ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে, তারা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”
