প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুধু একটি ডিগ্রি অর্জনের সুযোগ নয়, বরং নিজেকে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পথচলা। তিনি শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, নিয়মিত পড়াশোনা এবং গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দেশের মানুষের করের অর্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও ক্যাম্পাস ঘুরে দেখেন। দিনভর তাদের পদচারণায় মুখর ছিল যবিপ্রবি ক্যাম্পাস।
