বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

নিসাসের নতুন সভাপতি মিঠুন, সাধারণ সম্পাদক সিফার

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর চতুর্থ কার্যনির্বাহী সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা পড়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি থাকলেও কোনো পদে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন "খবর প্রতিদিন"-এর ক্যাম্পাস প্রতিনিধি মিঠুন চন্দ্র দাস মিঠু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন "ডেইলি বাংলা পোস্ট" ও "প্রতিদিনের বাংলা"-এর ক্যাম্পাস প্রতিনিধি লাবিবা সালওয়া ইসলাম এবং "নাগরিক"-এর ক্যাম্পাস প্রতিনিধি মোবাশ্বির রফিক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন "আমাদের মুক্তকণ্ঠ"-এর ক্যাম্পাস প্রতিনিধি সিফার হায়দার শিবিব।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত কাদির মাহিন, সাংগঠনিক সম্পাদক নাফিস ইরাম, সহ-সাংগঠনিক সম্পাদক অপরাজিতা অর্পা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সামিহা সামি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্রিন ইমন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তানসির উদ্দিন রোহান।

বিদায়ী সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ রুবায়েত রশীদ অনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্ব সত্য, ন্যায় ও পেশাদার সাংবাদিকতার চর্চাকে আরও গতিশীল করবে এবং নিটার ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!