বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ ফের শুরু হচ্ছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নির্মাণাধীন হাই-টেক পার্কের কাজ পুনরায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নির্মাণকাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ জন্য হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষার্থীরা আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া পার্কটিতে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহযোগিতা ও নেটওয়ার্কিং সুবিধা থাকবে। শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি আধুনিক অডিটোরিয়ামও নির্মাণ করা হবে।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ হাই-টেক পার্কে স্টার্ট-আপ ফ্লোর ও ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা রাখা হবে, যা গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Link copied!