প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ২০২৫-২৬ অর্থবছরের মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ড পেয়েছেন ১১৭ জন শিক্ষার্থী।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, মেধাবৃত্তি শিক্ষার্থীদের পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগায়। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব এবং সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, রাষ্ট্রের মানুষের করের অর্থ থেকেই এ বৃত্তি দেওয়া হয়। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেরাদের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছেন। তিনি তাদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মোট ৪০২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী বৃত্তি ও স্পোর্টস ক্যাটাগরির শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। পরে অনুষদভিত্তিক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে।
