বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে বাংলা কিউআর ব্যবহারে সোনালি ব্যাংকের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলা কিউআর (Bangla QR) কোডের ব্যবহার বাড়াতে কুড়িগ্রামে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে সোনালি ব্যাংক পিএলসি।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখা কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালি ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ সরকার।

ক্যাম্পেইনে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আতাহারুল ইসলাম বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমে, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায় এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বাংলা কিউআর গ্রহণে উৎসাহিত করা হয়। পাশাপাশি নিরাপদ ডিজিটাল লেনদেন, অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়।

Link copied!