বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

মৃত্যুর পর জানা গেল বৃত্তি পেয়েছে মিজান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান (১১)

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর একদিন পর প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বৃত্তি পেয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান (১১)। আনন্দের এ সংবাদ মুহূর্তেই শোকে পরিণত হয় তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের কাছে।

মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং আলী মিয়া পাটোয়ারী বাড়ির মো. রাছেল মিয়ার ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে শতভাগ সাফল্য অর্জন করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মিজানুর রহমান (রোল নম্বর: ৪০৬১৭৬৬) সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

তিনি জানান, ফল প্রকাশের পর বিদ্যালয়ে আনন্দের বদলে নেমে আসে শোকের ছায়া। মিজানের বৃত্তি পাওয়ার খবর জানাতে তিনি ও সহকারী শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক তার বাড়িতে গেলে বাবা মো. রাছেল মিয়া ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

মিজানের বাবা জানান, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি তার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছিল। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত ১১ জুলাই গৌরীপুর এলাকায় তার মৃত্যু হয়। পরবর্তীতে জানা যায়, সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান বলেন, “মিজান অত্যন্ত মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমরান হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান মিজানের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Link copied!