বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

এরশাদের মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জে জাতীয় পার্টির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক চান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজীর হোসেন মাস্টার, সদস্য জহিরুল ইসলাম এবং সদস্য সাইদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করলেও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে উপজেলা পরিষদ ব্যবস্থা চালুর মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ উন্নয়নে তাঁর অবদান দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দেশে সব রাজনৈতিক দলের জন্য সমান ও অবাধ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Link copied!