প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০১:২১ এএম
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২১ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি এবং শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের সহকারী অনুষদ সদস্য ও কোর্স কো-অর্ডিনেটর জোনায়েত হোসেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিসিকের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মানসিকতা বিকাশ, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, বিপণন কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা এবং টেকসই ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উদ্যোক্তা উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত কার্যকর। পরিশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
