শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

কুলাউড়ায় বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে এনসিপির সমাবেশ, বিএনপির পাল্টা স্লোগান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে মৌলভীবাজারের কুলাউড়া সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) তারা সমাবেশ, মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে অংশ নেন। একই দিনে রবিরবাজার জামে মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা পাল্টা স্লোগান দেন।

সকালে কুলাউড়ায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী।

এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেন তারা। সমাবেশ থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে সরকারের কঠোর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

এরপর সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনার কথাও দলীয় সূত্রে জানানো হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এনসিপির নেতাদের ভাষ্য অনুযায়ী, সফরে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পায়।

এদিকে একই দিন রবিরবাজার জামে মসজিদের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় তারা "এনসিপির আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও" স্লোগান দেন।

ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন বলে জানা গেছে।

Link copied!