প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০১:১০ এএম
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে আলমগীর হোসেন খবর পান যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করছেন। তারা নাশকতার পরিকল্পনা করছেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানতে পারেন। পরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে তিনি দেখতে পান, আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পাশের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করা হয়। এছাড়া অভিযুক্তরা প্রায় ২০ মিনিট ধরে কার্যালয়ে তাণ্ডব চালান। এ সময় বাদী ও বিএনপির নেতাকর্মীরা চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, দেয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুড়লির মাহমুদুল হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদসহ আরও অনেকে।
এ ঘটনায় নাম উল্লেখ করে ৩৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
