শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

চরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ড. আতিকুর রহমান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

শুক্রবার দুপুরে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, "শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।" তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মো. নওশাদ, এনসিপি জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়াসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Link copied!