প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:৫৭ এএম
"তথ্য ও বিশ্লেষণের শক্তিতে গড়ি সমৃদ্ধ বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) শহরের ঐতিহ্যবাহী ডাক বাংলো মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাংবাদিকতার বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে তরুণ শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মৌলিক নীতিমালা, উন্নয়নধর্মী সংবাদ রচনা, তথ্য যাচাই-বাছাই এবং বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
প্রধান প্রশিক্ষক ড. আবু হানিফ খান তাঁর বক্তব্যে বলেন, "একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তথ্যের সঠিক বিশ্লেষণ ও ইতিবাচক উন্নয়ন সাংবাদিকতাই পারে সমাজ তথা রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন আনতে।"
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি মাওলানা আব্দুল জব্বার, প্রধান প্রশিক্ষক ড. আবু হানিফ খান এবং আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁরা কার্যকর জ্ঞান অর্জন করেছেন। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। উৎসবমুখর পরিবেশে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
