প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচকে ঘিরে দিনভর ক্যাম্পাসে বিরাজ করে উৎসবমুখর আবহ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা শুরু হয়। ২৫ মিনিট করে দুই অর্ধের এই ম্যাচে অতিরিক্ত ১০ মিনিট সময়ও যোগ করা হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও মাঠের খেলায় তুলনামূলকভাবে বেশি প্রভাব বিস্তার করে আর্জেন্টিনা।
পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে আর্জেন্টিনা এগিয়ে ছিল। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে তারা একাধিকবার ব্রাজিলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। বিপরীতে ব্রাজিল দল মূলত রক্ষণাত্মক কৌশলে খেললেও উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে আর্জেন্টিনার পাওয়া একটি পেনাল্টিকে কেন্দ্র করে। গোলের প্রত্যাশায় দর্শকরা যখন অধীর অপেক্ষায়, তখন আর্জেন্টিনা সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। পেনাল্টি মিসের ফলে ম্যাচের সম্ভাব্য একমাত্র গোলটিও আর দেখা যায়নি।
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ গোলের সমতায় শেষ হয়।
যদিও স্কোরলাইন ছিল গোলশূন্য, তবুও ম্যাচজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, উত্তেজনা ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নামে আয়োজিত এই ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে এবং ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা যোগ করে।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।
