সোমবার ২২, জুন ২০২৬

সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --

ইরান ফুটবলারদের আবেগঘন বার্তা, স্মরণ করল মিনাব ট্র্যাজেডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

লস এঞ্জেলস ছাড়ার আগে ড্রেসিং রুমে রেখে যাওয়া চিঠি

লস অ্যাঞ্জেলেসে দুটি ম্যাচ খেলার পর শহর ছাড়ার আগে একটি আবেগঘন বিদায়ি বার্তা রেখে গেছে ইরান ফুটবল দল। ড্রেসিং রুমে হাতে লেখা ওই নোটে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার প্রশংসার পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় একটি বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।

রোববার বিকেলে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইরান পরবর্তী ম্যাচে ওঠার আশা টিকিয়ে রাখে। এরপর দলটি সিয়াটলে মিসরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে।

লস অ্যাঞ্জেলেস ছাড়ার আগে ইরানি খেলোয়াড়রা ড্রেসিং রুমে রেখে যান একটি হাতে লেখা বার্তা। সেখানে শহরটির মানুষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বার্তার শুরুতে লেখা হয়েছে, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের আত্মা আজও জীবিত এবং দৃঢ়ভাবে স্থির রয়েছে।'

নোটটিতে থাকা হ্যাশট্যাগ #১৬৮ এবং #মিনাব ইঙ্গিত করে মিনাব শহরে ফেব্রুয়ারির শেষ দিকে একটি স্কুলে হওয়া হামলায় নিহতদের সংখ্যার দিকে। একটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৬৮ বলা হলেও অন্য প্রতিবেদনে তা ১৫৬ বলে উল্লেখ করা হয়েছে। তবে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটে আরও বলা হয়েছে, 'আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছি।'

'লস অ্যাঞ্জেলেস, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ এবং সেই সঙ্গে প্রতিটি ইরানিকে ধন্যবাদ, যারা এই ১৮০ মিনিট জুড়ে ইরানের জন্য তাদের হৃদয়, কণ্ঠ এবং আত্মা উজাড় করে দিয়েছে।'

'সব জাতির মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।'

এদিকে, বিশ্বকাপে অভিবাসন কর্মকর্তাদের আরোপিত বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে ৪৮ ঘণ্টার বেশি অবস্থানের অনুমতি পায়নি ইরান দল। এ কারণে তাদের বেস ক্যাম্প অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নিতে হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে ইরান ম্যাচের আগের দিন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই দলটিকে আবার মেক্সিকোতে ফিরে যেতে হয়।

ইরানের কয়েকজন কর্মকর্তা ও সহায়ক স্টাফ যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাননি। খেলোয়াড় মেহদি তোরাবি নিউজিল্যান্ড ম্যাচের পর তার একবার প্রবেশযোগ্য ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমেরিকার কনস্যুলেট থেকে নতুন ভিসা নিতে বাধ্য হন।

এই পরিস্থিতিতে ইরানের কোচ আমির গালেনোই তার দলকে 'পুরো বিশ্বকাপে সবচেয়ে নিপীড়িত দল' হিসেবে উল্লেখ করেছেন।

Link copied!