জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘গুডস প্রোকিউরমেন্ট ইন ই-জিপি সিস্টেম’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
উপাচার্য বলেন, “ক্রয় কার্যক্রমকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে ই-জিপির কোনো বিকল্প নেই। ই-জিপির মাধ্যমে সব কার্যক্রম উন্মুক্ত ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন হয়, ফলে ব্যক্তি বা গোষ্ঠীভিত্তিক পক্ষপাতিত্বের সুযোগ থাকে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে অন্তত একজন কর্মকর্তা ই-জিপি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শেখার কোনো বয়স নেই এবং কোনো প্রশিক্ষণই বৃথা যায় না। তবে প্রশিক্ষণ থেকে প্রকৃত উপকার পেতে হলে আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে অংশ নিতে হবে। এ কারণেই একদিনের পরিবর্তে তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক কর্মকর্তা আগামী ১৫ দিনের মধ্যে অন্তত একটি ই-জিপি কার্যক্রম সম্পন্ন করবেন। অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে না পারলে প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে না।”
অনুষ্ঠানে অনলাইনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণের প্রথম দিনের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রাজশাহীর জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম। পরবর্তী দুই দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এলজিইডি, ঢাকার সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন ও মো. আরিফুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের ই-জিপি বিষয়ক দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর হবে।