রবিবার ১৪, জুন ২০২৬

রবিবার ১৪, জুন ২০২৬ -- : -- --

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১২:০৪ এএম

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নিহত মুজিব আলী (২০) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের বাসিন্দা এবং মৃত অজিব উল্লাহর ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাতলাপুর সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিহতের চাচা ফজির আলীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মো. জহুরুল ইসলাম, বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সুবেদার আবদুল খায়ের, বিএসএফের সহকারী কমান্ড্যান্ট দেবেশ, ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানার পরিদর্শক শ্রীকান্ত চক্রবর্তী এবং শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার সন্ধ্যায় মুজিবসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের গুলিতে মুজিব নিহত হন। পরে তাঁর সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে সরে যান। বিএসএফ সদস্যরা মরদেহ উদ্ধার করে ভারতের সীমান্তসংলগ্ন একটি হাসপাতালের মর্গে পাঠায়।

দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। দুই দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত মনু নদ সীমারেখা হিসেবে কাজ করছে।

ঘটনার বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি তরুণ মুজিব নিহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠকে তাঁদের পক্ষ থেকে বিএসএফের কর্মকর্তাদের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’

Link copied!