প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:২৫ পিএম
ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের ধারাবাহিকতার অনন্য উদাহরণ তৈরি করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপের প্রথম ম্যাচে টানা ৮৮ বছর ধরে অপরাজিত রয়েছে।
বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের পথচলা সবসময় মসৃণ ছিল না। ১৯৩০ সালে যুগোস্লাভিয়া এবং ১৯৩৪ সালে স্পেনের বিপক্ষে পরাজয়ের পর আর কোনো আসরে উদ্বোধনী ম্যাচে হারেনি তারা।
এরপর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল খেলেছে ২২টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ১৭টি জয় ও ৫টি ড্র। এই সময়ে তারা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে এসেছে।
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় সাফল্য এসেছে মেক্সিকোর বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনবার মেক্সিকোর মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল, যেখানে গোল ব্যবধান ১১-০।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নতুন যাত্রা শুরু হচ্ছে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এই দীর্ঘ অপরাজিত রেকর্ডই আত্মবিশ্বাস জোগাবে পাঁচবারের বিশ্বসেরা দলটিকে।
