প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:০৫ পিএম
ভারতের আসাম রাজ্যের জোড়হাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। তবে বিমানে থাকা কো-পাইলট জীবিত রয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৩ জুন) ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়। বিমানঘাঁটির রানওয়েতে অবতরণের পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে সেটি বিধ্বস্ত হলে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।
বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত সদস্যদের মধ্যে রয়েছেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
প্রাথমিক এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, "আজ আইএএফের একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট দেওয়া হবে।"
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি এয়ারবেসের ভেতরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রৌরিয়া এলাকায় অবস্থিত আইএএফ এয়ারবেসে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, "ঊর্ধ্বতন আইএএফ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং কোনো হতাহতের ঘটনা ঘটলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।"
