রবিবার ১৪, জুন ২০২৬

রবিবার ১৪, জুন ২০২৬ -- : -- --

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পিএম

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের এক চাচাতো ভাই। শনিবার রাত সাড়ে আটটার দিকে সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা মো. আরিফ হোসেন (২৮) ও মো. আশিক হোসেন (২৬)। আহত মো. শাওন (২৪) তাঁদের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আসা এক স্বজনকে আনতে তিনজন একটি মোটরসাইকেলে করে সোনাইমুড়ী বাইপাস এলাকার দিকে যাচ্ছিলেন। পথে সেনবাগ উপজেলার কেশারপাড় রাস্তার মাথা এলাকার মুন্সির দোকানসংলগ্ন স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চাকা সড়কের একটি গর্তে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি উল্টে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ছাতারপাইয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও আশিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ডমুরুয়া থেকে সোনাইমুড়ী যাওয়ার পথে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিন আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুই ভাই মারা গেছেন। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছে বলে জানা গেছে।’

Link copied!