প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
দেশের কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ছয় মাসব্যাপী বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহীরা নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
যেসব কোর্সে ভর্তি নেওয়া হবে
কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন
এই কোর্সটি দেশের ৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে পরিচালিত হবে। ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। বেশিরভাগ কেন্দ্রে ৫০টি আসন থাকলেও কয়েকটি কেন্দ্রে ৪০টি আসন রয়েছে। ঢাকায় ছয়টি এবং চট্টগ্রামে দুটি কেন্দ্র রয়েছে; অন্যান্য জেলায় একটি করে কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন
ছয় মাসের এই কোর্সটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরের পাঁচটি কেন্দ্রে পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৪টি আসন রয়েছে। ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি বা সমমান। কোর্স ফি এক হাজার টাকা।
ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং
অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কোর্স ফি ৩০০ টাকা। প্রশিক্ষণটি ৫২টি জেলার ৫৩টি কেন্দ্রে পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে ভর্তি নেওয়া হবে।
ইলেকট্রনিকস
এই কোর্সেও অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। ফি ৩০০ টাকা। ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালিত হবে এবং প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে ভর্তি করা হবে।
আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া
সব কোর্সের আবেদনকারীদের ২৮ থেকে ৩০ জুনের মধ্যে নিজ নিজ জেলা কার্যালয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
আবেদন করতে হবে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ব্যবস্থাপনা পোর্টালের মাধ্যমে। দূরবর্তী এলাকার প্রার্থীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণকেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় অনলাইন আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি
সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র ও সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
ভাতা ও কোটা সুবিধা
প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীরা সরকারি বরাদ্দ সাপেক্ষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ভাতা পাবেন। রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রশিক্ষণার্থীরা বিকাশের মাধ্যমে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীরা রকেটের মাধ্যমে। ভাতা গ্রহণের জন্য নিজস্ব বিকাশ বা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে।
সামাজিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে-
- দলিত সম্প্রদায়ের যুবকদের জন্য ৪ শতাংশ কোটা
- প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ৫ শতাংশ কোটা
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের জন্য ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ
প্রশিক্ষণ সংক্রান্ত শর্তাবলি
প্রশিক্ষণ চলাকালে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ বাধ্যতামূলক। তাত্ত্বিক ক্লাস অনলাইন অথবা সশরীরে এবং ব্যবহারিক ক্লাস গ্রুপভিত্তিক পরিচালিত হবে। উপস্থিতির ভিত্তিতে দৈনিক ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য, যারা পূর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন না। ভর্তির সময় নির্বাচিত প্রার্থীদের সক্রিয় মোবাইল নম্বর, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেইল ঠিকানা প্রদান বাধ্যতামূলক।
