রবিবার ১৪, জুন ২০২৬

রবিবার ১৪, জুন ২০২৬ -- : -- --

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:২৪ পিএম

বিদ্যুৎ খাতে ব্যয় কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। শিল্প বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পেলে পাকিস্তান ও ভিয়েতনামের মতো সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ বাংলাদেশেও সম্ভব।

বিশ্লেষকদের ধারণা, আগামী দুই বছরের মধ্যে দেশে নতুন করে প্রায় ২ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হতে পারে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছাদে স্থাপন করা সৌরবিদ্যুৎ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় ৩ টাকা হতে পারে, যা প্রচলিত গ্রিড বিদ্যুতের তুলনায় অনেক কম। এই অর্থনৈতিক সুবিধা শিল্প মালিকদের সৌরবিদ্যুৎ ব্যবহারে আরও আগ্রহী করে তুলছে।

শিল্প খাতে প্রায় ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানো সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া প্রতি ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রায় ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার দেখিয়েছে, কম খরচের নবায়নযোগ্য জ্বালানি শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের জন্যও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

Link copied!