রবিবার ১৪, জুন ২০২৬

রবিবার ১৪, জুন ২০২৬ -- : -- --

জাতীয় এআই হ্যাকাথনে রানার্সআপ রুয়েটের অরবিট সাস

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

এআই হ্যাকাথনে রানার্সআপ রুয়েটের Orbit SaaS

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ অরবিট সাস জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হ্যাকাথন ‘The Infinity AI Build Fest 2026’-এর এডটেক (EdTech) ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া শত শত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করে দলটি।

আয়োজক প্রতিষ্ঠান Cloud Camp Bangladesh জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ এআই হ্যাকাথন হিসেবে পরিচিত এ প্রতিযোগিতায় প্রায় ৩ হাজার ৩৬০ জন প্রতিযোগী এবং ৬১২টি দল অংশ নেয়। একাধিক ধাপের বাছাই ও মূল্যায়ন শেষে চূড়ান্ত পর্বে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করে Orbit SaaS। পরে এডটেক বিভাগে দলটিকে রানার্সআপ ঘোষণা করা হয়।

দলটির সদস্য ছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর, এমএইচ নিসার উদ্দিন ও আবদুর রাফিউ। তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আদনান শাহরিয়ার এবং ফেনী কলেজের রিমা আক্তার।

প্রতিযোগিতায় Orbit SaaS শিক্ষা প্রযুক্তি খাতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট অটোমেশননির্ভর একটি উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে। বিশেষ করে তাদের AI-First Development Methodology এবং বাস্তব সমস্যাভিত্তিক প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। উদ্ভাবন, কার্যকারিতা এবং বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে দলটি শীর্ষস্থানীয় প্রতিযোগীদের মধ্যে জায়গা করে নেয়।

অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং CodersTrust-এর চেয়ারম্যান আজিজ আহমদ ও চিফ স্ট্র্যাটেজি অফিসার মোহাম্মদ মাহদী উজ জামান উপস্থিত ছিলেন। তাঁরা তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিগত সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান তৈরিতে তাঁদের আগ্রহ ও দক্ষতার প্রশংসা করেন।

সাফল্য প্রসঙ্গে Orbit SaaS ইনোভেশন টিম এক প্রতিক্রিয়ায় জানায়, “Launch at Zero, Scale to Orbit” শুধু তাদের ব্র্যান্ড স্লোগান নয়, বরং কাজের মূল দর্শন। জাতীয় পর্যায়ের অন্যতম বড় এআই হ্যাকাথনে এডটেক ক্যাটাগরিতে রানার্স-আপ হওয়াকে তারা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী প্রচেষ্টার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে।

রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত Orbit SaaS সফটওয়্যার ও হার্ডওয়্যারভিত্তিক সমন্বিত প্রযুক্তি সমাধান নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, এআই চ্যাটবট, ই-কমার্স সলিউশন, এজেন্টিক অটোমেশন (Agentic Automation), ইন্টারনেট অব থিংস (IoT) এবং বিভিন্ন ব্যবসায়িক প্রযুক্তি সেবা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে অর্জিত এ সাফল্য শুধু Orbit SaaS-এর জন্য নয়, বরং রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে রুয়েটিয়ানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশের প্রযুক্তি অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!