মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

রুয়েটের সেলিম হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

প্রতীকী ছবি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৮ জুন) রাত প্রায় ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনের অভিযোগে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসদৃশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

ঘটনার বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন,
"বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!