প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
বাংলাদেশের শ্রোতাদের জন্য আবারও গাইতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক একক কনসার্টে অংশ নিতে আগামী ২৬ জুন ঢাকায় আসছেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ আয়োজন। কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও টিকিট বিক্রির কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৩ সালে একই আয়োজকের ব্যবস্থাপনায় ‘ম্যাজিক্যাল নাইট’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন অনুপম রায়। সেই আয়োজনেও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
ঢাকা ও কলকাতা—দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই শিল্পী। বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। এর আগে একাধিকবার ঢাকায় কনসার্ট করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
সংগীতজীবনের শুরু থেকেই ব্যতিক্রমধর্মী কথা ও সুরের জন্য আলোচনায় থাকা অনুপম রায় ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ পরিবেশনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ধারাবাহিকভাবে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতি পান তিনি। এছাড়া ২০১৫ সালে ‘পিকু’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন এই বাঙালি শিল্পী।
