প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার (৬ জুন) শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এসব পোস্টার দেখা যাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা এলাকা, রাজনগর উপজেলা পরিষদ চত্বর এবং শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন স্থানে ছয় দফা দিবস স্মরণে পোস্টার সাঁটানো হয়। পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগানের পাশাপাশি ছয় দফা আন্দোলনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে প্রচার রয়েছে, রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী-সমর্থকের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পোস্টারিংয়ের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি। ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ছয় দফা আন্দোলন ব্যাপক গণআন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
