প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৮:২৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, তারা যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা নিজ নিজ চাকরির অবসানকাল পর্যন্ত, যেটি আগে ঘটে-সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলরের অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
