প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০২:৩০ পিএম
গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করা আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৪ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি স্ট্রিমিং হবে।
প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর থেকেই সিনেমাটিকে ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বহুল আলোচিত সিনেমাটি। তবে ওটিটিতে মুক্তির পরও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী চলমান থাকবে।
নির্মাতা তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করে এবং বক্স অফিসেও ইতিবাচক সাড়া ফেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে সিনেমাটির আয় ইতোমধ্যে ১৪ কোটির টাকা ছাড়িয়েছে। আর আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত করলে মোট আয়ের পরিমাণ ২০ কোটির টাকার বেশি। সর্বশেষ গত শুক্রবার দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে বলেও জানা যায়।
সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার এবং আরেফিন জিলানী।
