সোমবার ০৮, জুন ২০২৬

সোমবার ০৮, জুন ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে কোটায় ভর্তিচ্ছুদের কাগজপত্র যাচাই-বাছাই ৯ ও ১০ জুন

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া আগামী ৯ ও ১০ জুন রাবিপ্রবির একাডেমিক ভবন-২ এর ১০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাবিপ্রবির ভর্তি পরীক্ষার এমসিকিউ পর্বে অংশগ্রহণকারী কোটা আবেদনকারীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে কোটা ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অন্যথায় কোটা সুবিধা প্রদান করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধা (FFQ) কোটার আবেদনকারীদের মুক্তিযোদ্ধার মূল সনদ এবং আবেদনকারীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন (PDQ) কোটার আবেদনকারীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল সনদ অথবা সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/উপজাতি (SEQ) কোটার আবেদনকারীদের জেলা প্রশাসক বা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত মূল সনদ, বিকেএসপি (BKSP) কোটার আবেদনকারীদের বিকেএসপি কর্তৃক প্রদত্ত মূল সনদ জমা দিতে হবে।

এছাড়া হরিজন ও দলিত (HDQ) কোটার জন্য জেলা প্রশাসক, উপজেলা পরিষদ বা নিজ সম্প্রদায়ের প্রদত্ত মূল সনদ এবং নন-ট্রাইবাল (NTQ) কোটার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল সনদ উপস্থাপন করতে হবে। পোষ্য (WQ) কোটার ক্ষেত্রে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থেকে কোটা যাচাই কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Link copied!