প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১০:৩৭ এএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, চুরি ও বিভিন্ন মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরজু মোল্লা এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় শাহ আলম ও রুবেল নামের আরও দুইজনকে আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শনিবার (৬ জুন) বেলা ১টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “সন্ত্রাসবিরোধী আইন, চুরি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
