রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
সোমবার ০৮, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঘোষিত সম্পূরক বৃত্তির অর্থ আগামী সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।পবিত্র ঈদুল আজহা ও উপাচার্যের চীন সফর শেষে শনিবার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ভিপি, জিএস ও এজিএস উপাচার্য এবং প্রক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি, টিএসসি সংস্কার, দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি এবং পুরান ঢাকায় নির্মাণাধীন দুটি আবাসিক হলের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য জানান, চলতি সপ্তাহের মধ্যেই সম্পূরক বৃত্তির অর্থ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আগামী মঙ্গলবার থেকে টিএসসি সংস্কার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আবাসিক হল সংকটে ভোগা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সুবিধার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীরা আবাসন ভাতার দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে তৎকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়ে সম্মতি দেন এবং এ খাতে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সম্পূরক বৃত্তির অর্থ দ্রুত বিতরণ করা হবে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করতে আমি চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করবো।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা। সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে। আমরা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের সামনে তুলে ধরেছি এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস পেয়েছি।”
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও যৌক্তিক দাবির ফলস্বরূপ এই বৃত্তি কার্যক্রম বাস্তবায়নের পথে এগিয়েছে। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থী যেন এই সুবিধা পায়।”
জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, “শুধু বৃত্তি নয়, টিএসসি সংস্কার, দ্বিতীয় ক্যাম্পাস এবং আবাসিক হল নির্মাণের কাজও দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। এসব বিষয়ে প্রশাসনের ইতিবাচক অবস্থান আমাদের আশাবাদী করেছে।”
বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা না থাকায় আমাদের অনেকেই উচ্চ ভাড়ায় মেসে থাকতে বাধ্য হই। সম্পূরক বৃত্তির অর্থ হাতে পেলে শিক্ষাজীবনের ব্যয় নির্বাহে কিছুটা সহায়তা হবে।”
এদিকে শিক্ষার্থীদের দাবি, সম্পূরক বৃত্তির পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য দ্রুত আবাসিক হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পন্ন করা প্রয়োজন। প্রশাসনের সাম্প্রতিক আশ্বাসে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রত্যাশার সঞ্চার হয়েছে।