প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৩৪ এএম
অবশেষে শেষ হলো অপেক্ষা। এবারের কান চলচ্চিত্র উৎসব ঘিরে ফ্যাশনপ্রেমীদের বড় এক আক্ষেপ ছিল। কারণ রেড কার্পেটে দেখা মিলছিল না বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের। দীর্ঘদিনের ল’রিয়াল অ্যাম্বাসেডর ও কানের অন্যতম পরিচিত মুখকে না দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের একেবারে শেষ দিকে হাজির হলেন বলিউডের এই বিশ্বসুন্দরী। আর ফিরেই যেন মনে করিয়ে দিলেন, কেন তাকে ‘কানের রানি’ বলা হয়।
গত বছরের সমালোচিত ফ্যাশন উপস্থিতির পর এবার অনেক বেশি পরিমিত, রাজকীয় এবং আত্মবিশ্বাসী লুকে ধরা দিয়েছেন ৫২ বছর বয়সী এই তারকা। তার উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে কানের রেড কার্পেট। দুই দশকেরও বেশি সময় ধরে ঐশ্বরিয়া কানের ফ্যাশন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই এবারের দেরিতে আগমনও শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেনি। বরং বলা যায়, শেষ মুহূর্তে এসেই সবচেয়ে বড় চমকটি উপহার দিলেন তিনি।
প্রথম দিনেই অমিত আগরওয়ালের উজ্জ্বল নীল সিগনেচার স্ট্রাকচার্ড গাউন পরেছেন ঐশ্বরিয়া। শুধু তাই নয়, ডিপনেক গাউনের সঙ্গে গলায় অ্যাসিমেট্রিক স্যাফায়ার-ডায়মন্ড স্টেটমেন্ট নেকপিস ও ম্যাচিং আংটি পরেছেন এই বিশ্বসুন্দরী।
দ্বিতীয় লুকে ঐশ্বরিয়ার সঙ্গে লাইমলাইট শেয়ার করেছেন একমাত্র কন্যা আরাধ্য। ওজি লরিয়াল কুইন আর তার প্রিন্সেসকে বাজিমাত করা লুকে দেখা গেল ব্র্যান্ডটির ইভেন্টে।
তার পরনের সোফি কতুরের ব্লাশ পিংক স্ট্র্যাপলেস করসেট গাউনে ফরচুনি প্লিটিং আর সোয়ারভস্কি ক্রিস্টালের থ্রিডি ফুলেল এমবেলিশমেন্ট নজর কাড়ছে। সঙ্গে ছিল ম্যাচিং কেপ।
সবশেষে বিশ্বসুন্দরীকে দেখা গেছে চাইনিজ ডিজাইনার চেনেই চ্যানের শ্বেতশুভ্র টাক্সিডোতে। বিশেষভাবে নজর কেড়েছে জ্যাকেটে ফিটেড ওয়েস্ট আর ওভারসাইজড শোলডারলাইন। সব মিলিয়ে বলা যায়, কানে বাজিমাত তার কাছে নতুন কিছুই নয়।
জেএস/
