ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:২৭ পিএম
শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
যশোরে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে “বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬”। গত বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই যশোরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'অমিত্রাক্ষর' এ একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "Metrology: Building Trust in Policy Making" (নীতি নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি)।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই যশোরের অফিস প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ।সেমিনারে মূল প্রবন্ধ (Keynote) উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. সাখাওয়াত হোসেন। তিনি তাঁর বক্তব্যে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, স্যাটেলাইট প্রযুক্তি, জিপিএস এবং ডিএনএ গবেষণার মতো জটিল ক্ষেত্রে মেট্রোলজির অনস্বীকার্য অবদান তুলে ধরেন। বক্তব্যকে সমৃদ্ধ করতে ড. হোসেন গ্যালিলিও গ্যালিলির বিখ্যাত উক্তিটি উল্লেখ করেন: “Measure what is measurable, and make measurable what is not so.”
তিনি সুশাসনে (Good Governance) মেট্রোলজির ভূমিকা ব্যাখ্যা করে বলেন, সঠিক পরিমাপ ও স্বচ্ছ ডেটা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের আস্থা বাড়ায়। পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য বিএসটিআই (BSTI) সনদের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এই মানদণ্ড একদিকে যেমন ব্র্যান্ডের প্রতি দেশীয় ভোক্তার বিশ্বাসযোগ্যতা তৈরি করে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির পথ সুগম করে। তিনি দেশের শিল্পোন্নয়ন ও ভোক্তা অধিকার রক্ষায় রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই-এর ভূমিকা আলোচনা করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাংবাদিকদের একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বাজার মনিটরিং জোরদার এবং বিএসটিআই মান সনদবিহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান বলেন, বিএসটিআই মানচিহ্নযুক্ত পণ্যের ওপর মানুষের আস্থা রয়েছে।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।