শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের কালেক্টর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’

তিনি আরও লিখেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে “ভুয়া ভুয়া” স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলেও জানান তারা।

এদিকে ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তারা।

এনসিপির নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে দাবি করেন, “কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!”

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।”

Link copied!