শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ ২'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

ফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর ব্যাপক আলোচনায় আসে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি একই সময়ে শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় থেকেও দর্শকপ্রিয়তা অর্জন করে। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়, বিশেষ করে নিশোর অভিনয় ছিল আলোচনার কেন্দ্রে।

সিনেমাটির সাফল্যের পর থেকেই ‘সুড়ঙ্গ’র সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছিল। অবশেষে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সুড়ঙ্গ ২’।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান। বর্তমানে ‘দম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এই প্রকল্পের কাজ শেষ হলে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত বছরের শেষ দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কথা বলেন আফরান নিশো। সেখানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে পরিকল্পনা থাকলেও শারীরিক সমস্যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

নিজের শারীরিক অবস্থা প্রসঙ্গে নিশো জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনে সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে সার্জারির প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে রসিকতা করে নিশো বলেন, “এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।”

Link copied!