প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
সামাজিক মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। তিনি অভিযোগ করেছেন, তাঁর আগের ফেসবুক পেজ ও আইডি বন্ধ হওয়ার পেছনে ছিল তাঁরই পরিচিত কিছু ‘কাছের মানুষ’।
অভিনেতার দাবি অনুযায়ী, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তাঁর ফেসবুক পেজ (৬ লাখ অনুসারী) এবং ব্যক্তিগত আইডি (৩ লাখ অনুসারী) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিষয়টি তাঁকে বিস্মিত করে বলে জানান তিনি।
ফারুক আহমেদ বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’
তিনি আরও দাবি করেন, কারা এবং কেন এই অভিযোগ করেছে তা পরে জানতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কখনোই তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তাঁর ভাষায়, ‘মানুষকে চেনা আসলে কঠিন।’
পেজ হারানোর পর নতুন একটি প্রোফাইল খুলে আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হন এই অভিনেতা। তিনি জানান, নতুন পেজে অল্প সময়ের মধ্যেই প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছেন।
বর্তমানে ভুয়া আইডি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেছেন তিনি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, তাঁর অফিসিয়াল আইডির মাধ্যমেই যেন যুক্ত থাকেন তারা।
