রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

যেভাবে আবেদন ও যারা পাবেন স্নাতক পর্যায়ের উপবৃত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:৫২ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আওতায় আজ ১৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

এ বিষয়ে ১৪ মে স্মৃতি কর্মকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটেও এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করা হয়েছে।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন

এই উপবৃত্তির আওতায় আবেদন করতে পারবেন

  • ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা.
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

বিশেষভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস), ফাজিল বা সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

শিক্ষার্থীরা ১৭ মে ২০২৬ সকাল ৯টা থেকে ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য শিক্ষার্থীদের PMEAT ওয়েবসাইট এ প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে আবেদন ফরওয়ার্ড করতে পারবেন।

পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।

উপবৃত্তি পাওয়ার শর্তাবলি

উপবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো,

  • শিক্ষার্থীকে ডিগ্রি (পাস), ফাজিল বা স্নাতক পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
  • শ্রেণিকক্ষে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
  • শিক্ষার্থীর অভিভাবকের মোট বার্ষিক আয় এক লাখ টাকার কম হতে হবে।
  • সিটি করপোরেশন এলাকায় বসবাসকারীদের জমির পরিমাণ ০.০৫ শতাংশের কম হতে হবে।
  • অন্যান্য এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ ০.৭৫ শতাংশের কম হতে হবে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে,ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ও নোটিশ বোর্ডে।

Link copied!