রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

আবাসিক হল পরিদর্শনে কুবির নতুন উপাচার্য

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

আবাসিক হল পরিদর্শনে কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখতে এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেছেন।

শনিবার (১৬ মে) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, বিজয় ২৪ হল, কাজী নজরুল ইসলাম হল, সুনীতি-শান্তি হল এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং হলের কক্ষ, ডাইনিং, ওয়াশরুম, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. সাদিয়া আফরিন সানি বলেন, “আজ সকাল সাড়ে ১০টায় হলের হাউস টিউটর ও কর্মকর্তাদের সঙ্গে স্যারের কনফারেন্স রুমে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে স্যারের তাৎক্ষণিক আগ্রহে একটি অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয় যে, তিনি হলগুলো পরিদর্শন করবেন।”

তিনি আরও বলেন, “প্রথমে দু-একটি হল পরিদর্শনের কথা থাকলেও পরে স্যার ক্যাম্পাসের পাঁচটি হলই ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি হলের ডাইনিং, রিডিং রুমসহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।”

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম বলেন, “আজ উপাচার্য স্যারের সঙ্গে প্রভোস্ট কমিটি, বিভিন্ন হলের হাউস টিউটর ও কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমরা হলের বিভিন্ন সংকট ও শিক্ষার্থীদের দাবি- যেমন খাবারের মান উন্নয়ন, সুপেয় পানির সংকটসহ সার্বিক সমস্যাগুলো স্যারের কাছে তুলে ধরেছি।”

তিনি আরও বলেন, “আমাদের অনুরোধে স্যার সমস্যার বাস্তব চিত্র দেখতে স্বশরীরে হলগুলো পরিদর্শনে আসেন। তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। একই সঙ্গে হল প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলোও তাঁকে অবহিত করা হয়েছে।”

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, “শিগগিরই হলের ডাইনিং ব্যবস্থার মূল্যায়নে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ডাইনিংগুলোকে এ, বি ও সি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!