রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

মাটি ক্ষয় রোধে আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের বৃক্ষরোপন প্রকল্প

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:১৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সরওয়ার শাহীণ

"একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ুন" স্লোগানে জলবায়ুর পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে বিশেষ অবদান রাখার লক্ষ্যে দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রকল্প হাতে নিয়েছে সামাজিক সংগঠন আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দূষণমুক্ত অক্সিজেনের মাধ্যমে সুস্বাস্থ্য অর্জনে প্রতিষ্ঠানটি এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

আজ ১৭ মে (রবিবার) সকাল ৮ টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আটি স্কুল জয়নগর মাঠ ও খাল পাড়ে সামাজিক সংগঠনটি চলতি বছরে এক হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে প্রকল্পটি উদ্বোধন করেন।

এসময় সংগঠনটির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, নগরায়নের এই যুগে পরিবেশের উষ্ণতা রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন শুধুমাত্র গাছ লাগানোর আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং দীর্ঘমেয়াদে নদী, খাল ভাঙ্গন ও দূষিত অক্সিজেনজনিত রোগ দূরীকরণে উন্নত জাতের বনজ গাছ বিতরণে অগ্রাধিকার দিচ্ছে। প্রকল্পের আওতায় বাছাই করা ফলের চারাও বিতরণ করা হচ্ছে।

সংগঠনের মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ইসলামে বৃক্ষরোপণকে সদাকায়ে জারিয়াহ (অব্যাহত সওয়াব) হিসেবে গণ্য করা হয়। আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন এই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছে।

তিনি আরো জানান, একটি ফলদ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ যেমন সুন্দর হয়, তেমনি মানুষ ও পশুপাখি ফল খেয়ে উপকৃত হলে রোপণকারী নিয়মিত নেকি লাভ করেন।

সংগঠনের সদস্য রেজয়ান গাজী বলেন, সঠিকভাবে চারা বিতরণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য আমরা একটি সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করেছি। প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলোর ইমাম এবং স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে মাটিক্ষয়রোধে এই চারাগুলো নদী,খাল ও পুকুরপাড়ে লাগানোর জন্য উদ্বুদ্ধ করছু।

এতে করে একদিকে যেমন শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহিত হচ্ছে, অন্যদিকে গাছগুলো বড় হওয়ার পর স্থানীয়রা এর সুফলভোগ করতে পারবে।

প্রতিষ্ঠানটি চলতি বর্ষা মৌসুমসহ সারা বছর ধরেই এই সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন মো. শাহীন ,মো. মহিউদ্দিন, আফরিন, সাজ্জাদ হোসেন ও বিদ্যালয়ের শিক্ষিকাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ

Link copied!