রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

কুবি বিএনসিসিতে পদোন্নতি পেলেন ৭ ক্যাডেট

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:২৫ পিএম

বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনে বিভিন্ন পদে সাতজন ক্যাডেটকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক ফুহাদুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর ছিদ্দিক। একই পদে মহিলা প্লাটুনে পদোন্নতি পেয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল শাহানাজ আক্তার।

এছাড়া ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল মিথিলা রহমান সুখী, হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন রিফাত এবং বাংলা বিভাগের উত্তম কুমার রায়।

অন্যদিকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান মুন্না এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই ৭ জন ক্যাডেটকে পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করা যায়, তারা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, “পদোন্নতি বিএনসিসির নিয়মিত কার্যক্রমের অংশ। কোনো পদ শূন্য হলে যোগ্য ও সিনিয়র ক্যাডেটদের পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে রেজিমেন্ট থেকে পদোন্নতি প্রদান করা হয়।”

জানা গেছে, গত ১১ এপ্রিল পদোন্নতির প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ফলাফল যাচাই-বাছাই শেষে গত ৬ মে ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ক্যাডেট আন্ডার অফিসার পদে মহিমা আক্তারের পদোন্নতি এবং ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়ার ক্যাডেটশিপের মেয়াদ শেষ হওয়ায় নারী ও পুরুষ প্লাটুনে দুটি ক্যাডেট সার্জেন্ট পদ শূন্য হয়।

Link copied!