প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভক্তদের ভালোবাসাই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।
অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে অপূর্ব জানান, সাফল্যকে তিনি কোনো নির্দিষ্ট সংজ্ঞায় সীমাবদ্ধ করতে চান না। তাঁর মতে, দর্শক ও ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত সাফল্য।
তিনি লেখেন, “সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আমার কাছে অকৃত্রিম ভালোবাসাই হলো আসল সাফল্য। মাঝে মাঝে পেছনের দিকে তাকালে অবাক হয়ে যাই, কীভাবে বছরের পর বছর আপনারা আমাকে আগলে রেখেছেন।”
অভিনেতা আরও বলেন, পর্দার চরিত্রগুলো সময়ের সঙ্গে শেষ হয়ে গেলেও দর্শকদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক চিরস্থায়ী।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভালোবাসা তাঁকে জীবনের প্রতি গভীর তৃপ্তি দেয় এবং নতুন কাজের অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও আবেগঘন ভাষায় লেখেন, “আপনারা যাঁরা দূর থেকে কিংবা কাছে থেকে প্রতিনিয়ত আমাকে দোয়া আর ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।”
পোস্টের শেষে তিনি ভক্তদের সুস্থতা ও সুখ কামনা করেন এবং জানান, তারা তাঁর হৃদয়ের খুব কাছের মানুষ।
অপূর্বর এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে মন্তব্য করছেন, অনেকেই তাঁর বিনয়ী মনোভাবের প্রশংসা করছেন।
