প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০২:৪৫ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুম্পা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। গতকাল (১৬ মে ২০২৬) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
