রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

বিতর্কের মঞ্চে এমবিএসটিইউকে হারিয়ে চ্যাম্পিয়ন নিটারডিএস

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:০৫ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ শনিবার (১৬ মে, ২০২৬) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত “ডিবেট ফর ডেমোক্রেসি” আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গৌরবময় বিজয় অর্জন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ডিবেটিং সোসাইটি (নিটারডিএস)।

এবারের বিতর্কের বিষয় ছিল— “বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ”। প্রতিযোগিতায় নিটারের প্রতিপক্ষ ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এমবিএসটিইউ)। যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে ছাড়িয়ে গিয়ে বিজয় নিশ্চিত করে নিটারডিএস।

দলের পক্ষে বিতর্কে অংশ নেন ১৫তম ব্যাচের সাদমান সাকিব সাদ,  ১৩তম ব্যাচের আইনুন আখি, হিমেল বিশ্বাস, রিদোয়ান ইসলাম পর্ব,  ১২তম ব্যাচের আফিয়া সাইয়ারা আখি। বিতার্কিকদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও তথ্যভিত্তিক বক্তব্য বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, নিটারডিএস-এর মডারেটর রায়হান আহমেদ জয় ও মোঃ আল-আমিন এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন ইকবাল। এ সময় নিটারডিএস-এর প্রায় ৪০ জন সদস্য সরাসরি উপস্থিত থেকে দলকে সমর্থন জানান।

জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার পূর্বমুহূর্তে মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জাতীয় ও অর্থনৈতিক ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী চিন্তা এবং যুক্তিনির্ভর মতপ্রকাশে উদ্বুদ্ধ করছে।

একটি বিশেষায়িত প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিটারের এই অর্জন প্রমাণ করে, কারিগরি শিক্ষার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও জাতীয় বিতর্কের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সমানভাবে সক্ষম ও এগিয়ে।

Link copied!