প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১০(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মারক ভাস্কর্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিশ্ববিদ্যালয়, দেশ ও বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. মোশাররফ হোসেন মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার পাশাপাশি স্বাধীনতার রূপকার ও ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্মরণ করেন।
সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা, সহমর্মিতা ও সুপরামর্শ—এই তিনটি জিনিস প্রত্যাশা করি। আপনারা সকলে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করলে এই বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাবে।”
বিশ্ববিদ্যালয় পরিচালনার দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে বা লেলিয়ে দিতে চাই না, বরং তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে চাই। মানুষের দোষ-গুণ থাকবেই, তাই অন্যের দোষত্রুটি নিয়ে আমার কান ভারী করার চেষ্টা করবেন না। ভিন্ন ভিন্ন রাজনৈতিক বা ব্যক্তিগত আদর্শ থাকা স্বাভাবিক, তবে কেউ নিজের আদর্শ আড়াল করে ‘হাইব্রিড’ হওয়ার চেষ্টা করবেন না। আমি শূন্য থেকে শুরু করে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত, মানসম্পন্ন ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মুকুন্দবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে ধাপে ধাপে অধ্যাপক পদে উন্নীত হন। ২০২৪ সালের ৬ নভেম্বর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও গবেষক হিসেবে রয়েছে তার উল্লেখযোগ্য পরিচিতি। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার ১০টি বই ও ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণায় অবদানের জন্য তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স ও ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ‘ইয়াং সায়েন্টিস্ট গোল্ড মেডেল-২০১০’সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
