রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:২৩ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মৌলভীবাজার ও হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অবরোধ চলাকালে যাত্রীবাহী বাস আড়াআড়িভাবে সড়কে রেখে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ফলে শত শত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন মহাসড়কে আটকা পড়ে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের।

আন্দোলনকারীদের অভিযোগ, শ্রীমঙ্গলের ‘এসএমএস’ বাস মালিক সমিতি ও স্থানীয় শ্রমিকরা হবিগঞ্জের বিরতিহীন বাসগুলোকে মৌলভীবাজারে স্টপেজ দিতে বাধা দিচ্ছেন। এছাড়া বিভিন্ন সময় বাস আটকে রেখে চালক ও স্টাফদের হয়রানি এবং মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি। এ কারণে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় কিছু পরিবহন নসরতপুর-মিরপুর-ধুলিয়াকাল সড়ক হয়ে বিকল্প পথে চলাচল করছে। তবে এতে প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহনের যাত্রায়ও দীর্ঘ বিলম্ব হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। তবে বিরোধের মূল কেন্দ্র মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হওয়ায় এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং স্থায়ী সমাধানে কাজ চলছে বলে জানানো হয়েছে।

Link copied!