শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

এটা আমাদেরই গল্প দেখে ইরফান সাজ্জাদকে ফোন অপূর্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:৫৮ এএম

অপূর্ব ও ইরফান সাজ্জাদ

প্রচার শুরুর পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক সম্পর্ক ও আবেগঘন গল্পনির্ভর এই নাটকটি শেষের পথে পৌঁছালে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শক ও শোবিজ অঙ্গনের তারকারা।

নাটকটিতে ইরফান সাজ্জাদের আবেগঘন অভিনয় দর্শকদের নাড়া দিয়েছে। তাঁর অভিনীত চরিত্রের নানা মুহূর্ত অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, যেখানে অনেকেই তাঁর স্বাভাবিক ও গভীর অভিনয়ের প্রশংসা করছেন। এই প্রশংসার ধারায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বরাও।

সম্প্রতি অপূর্বর কাছ থেকে একটি ফোনকল পেয়ে আবেগাপ্লুত হন ইরফান সাজ্জাদ। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,
‘সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল “বড় ছেলে” দেখে। সেই “বড় ছেলে” অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস, জানা ছিল না, খুবই ভালো করেছিস। এ রকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে!” আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।’

পোস্টে তিনি আরও লেখেন,
‘অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’

শুধু অপূর্বই নন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও নাটকটির প্রশংসা করেছেন। তিনি এটিকে ‘ইতিহাস গড়া কাজ’ হিসেবে উল্লেখ করেছেন।

পারিবারিক টানাপোড়েন ও আবেগঘন সম্পর্কের গল্পে নির্মিত এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে ৫২ পর্বের এই নাটকের শেষ পর্বটি বিশেষ ‘মেগা অ্যাপিসোড’ হিসেবে প্রচার করা হবে।

এদিকে নাটকটির জনপ্রিয়তার প্রমাণ মিলেছে অনলাইন প্ল্যাটফর্মেও। ৫০তম পর্ব প্রকাশের মাত্র ১৮ দশমিক ৩৪ ঘণ্টার মধ্যে এটি ১ কোটি ভিউ অতিক্রম করেছে বলে জানিয়েছেন নির্মাতা।

Link copied!