প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
আটক হওয়া কিশোর মো. তসিব (১৫), যিনি সাইফুল ইসলাম নামেও পরিচিত। তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা এবং মো. সেলিম ও বিবি বেগমের সন্তান। তার বাবা জীবিকার তাগিদে মাছ ধরার কাজ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চংলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা মাছ সংগ্রহের কাজে বাইরে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত কিশোর বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
