নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৪১ পিএম
রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --
নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী কেবল শিক্ষাঙ্গনেই নয়, ক্রীড়াঙ্গনেও একটি পরিচিত নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে টানা ১০ বছর লন টেনিস চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। এছাড়া গত বছরও তিনি রানার্সআপ হন।
শুক্রবার (১৫ মে ২০২৬) নোবিপ্রবির সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা তাকে স্বাগত জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রীড়ার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ ও অভিজ্ঞতা নোবিপ্রবির ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে। তার নেতৃত্বে ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি ক্রীড়াসংশ্লিষ্ট একজন মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন লন টেনিসে চ্যাম্পিয়ন ছিলাম এবং গত বছর রানার্সআপ ছিলাম। নোবিপ্রবিতে দায়িত্ব পালনকালে আমি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশকে গতিশীল ও উৎসবমুখর করে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “নোবিপ্রবিতে ফুটবল-ক্রিকেট টুর্ণামেন্ট, এথলেটিক প্রতিযোগিতাসহ সব ধরণের খেলাধুলাকে প্রতিবছর খুব উৎসবমুখর পরিবেশে আয়োজন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় গুরুত্ব দিবে, এতে শরীর মন ভালো থাকবে।”