প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ৫৮তম সমাবর্তন গতকাল ১৫ মে ২০২৬ শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে হিসেবে গ্র্যাজুয়েটদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মো. ইফতেখারুল আমিন স্বাগত বক্তব্য দেন। এমবিএ প্রোগ্রামের মো. শফিক আজিজ হিমেল, বিবিএ প্রোগ্রামের মাইশা ইসলাম মোনামি এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের আরাফাত সাকলাইন অনুভূতি ব্যক্ত করেন। বিবিএ ৩১ ব্যাচের শিক্ষার্থী বাসমাহ্ জোওরা ও ৩২ ব্যাচের আহনাফ হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় আইবিএ’র শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আইবিএ’র শিক্ষার্থীরা মেধা ও দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে দেশের নাম উজ্জ্বল করছেন। সততা, মানবিকতা ও নিরন্তর শেখার মানসিকতা বজায় রেখে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। দেশের বর্তমান পরিবর্তনের এই সন্ধিক্ষণে দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করলেও নিজের জন্মভূমিকে মনে রেখে দেশসেবায় আত্মনিয়োগ করাই হবে জীবনের প্রকৃত সার্থকতা।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব অভিজ্ঞতা ও নৈতিকতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, শ্রম ও দক্ষতাকে কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাবর্তনে বিবিএ প্রোগ্রামের ১১৬, এমবিএ প্রোগ্রামের ১২৬, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ১২২ ও ডিবিএ প্রোগ্রামের ১ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিবিএ প্রোগ্রামের মাইশা ইসলাম মোনামিকে হাজেরা খানম স্বর্ণপদক ও এমবিএ প্রোগ্রামের মো. শফিক আজিজ হিমেলকে এটিএম জাকারিয়া খান স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া, অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য ২৬ জন শিক্ষার্থী ডিরেক্টর’স অনার লিস্টে স্থান পান।
